আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজেছে ডিসি পার্ক

469

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার সাগরপাড়ে ১৯৪ একর জমির উপর গড়ে উঠা ডিসি পার্ক এবার সেজেছে মনোমুগ্ধকর নতুন রূপে। প্রতি বছরের ন্যায় এবারও ডিসি পার্কে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬” এর আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ।

Advertisement

এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।

ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এ বছরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এছাড়াও এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল থাকবে।

আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হবে মাসব্যাপী এ ফুল উৎসব, আর এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

Advertisement