কামরুল ইসলাম দুলু: চতুর্থ বারের মতো ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ ডিসি পার্কে। এক সময় মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিতি পাওয়া সীতাকুণ্ডের সাগর উপকূলীয় ফৌজদারহাটের সেই ডিসি পার্কে এখন সৌরভ ছড়াচ্ছে দেশি বিদেশি ১৪০ প্রজাতির নানান রঙের ফুল।
শুক্রবার সকাল ১০টায় নানা আয়োজনে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ প্রধান অতিথিকে নেচে গেয়ে বরণ করে নেন। এরপর ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি দৃষ্টিনন্দন নানা জাতের ফুলের সমারোহ দেখে মুগ্ধ হয়ে যান।
তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশে এমন মনোমুগ্ধকর ফুল উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মোঃ শরীফ উদ্দিন, পাঠান মোঃ সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
















