ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। জানা গেছে, জামাল জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। এ ঘটনায় নাছির (৪০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারী) রাত ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত জামাল ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বশরত আলি মিস্ত্রির বাড়ির মৃত ইউসুফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা ঘটনার কিছুক্ষণ আগে মোটরসাইকেল যোগে গহিরা-ফটিকছড়ি সড়ক হয়ে শাহনগর দিঘীরপাড় এলাকায় পৌঁছামাত্র তাদের পিছুঁ নেওয়া অপর একটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি করলে ঘটনাস্থলে একজন নিহত ও অপর একজন আহত হয়। আহত নাসিরকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।
লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতের অন্ধকারে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জামাল উদ্দিন ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।
















