চবিতে সফলভাবে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ ক্যাম্পাস অর্গানাইজার্স ওয়ার্কশপ

282

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্যম, নেতৃত্ব ও উদ্ভাবনের মিলনমেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে “এলিভেট বাংলাদেশ: দ্য হাল্ট প্রাইজ ক্যাম্পাস অর্গানাইজার্স ওয়ার্কশপ” এর পঞ্চম অধ্যায়। ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ফ্যাকাল্টি অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের অডিটোরিয়ামে আয়োজিত এই ওয়ার্কশপের মূল উদ্যোক্তা ছিল হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Advertisement

অনুষ্ঠানটি বিশেষভাবে সমৃদ্ধ হয়েছে আমিনুল ইসলাম শরীফ (ন্যাশনাল কো-অর্ডিনেটর, হাল্ট প্রাইজ বাংলাদেশ; সাবেক ক্যাম্পাস ডিরেক্টর, এইচপিসিইউ ২০২৪–২৫) এর উপস্থিতিতে। তিনি নেতৃত্ব গঠন, কার্যকর পরিকল্পনা এবং বাংলাদেশে সামাজিক উদ্যোক্তাবাদের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে তাঁর মূল্যবান অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এছাড়াও ছিলেন তানভীর আনজুম শোভন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেক্রেটারি, চাকসু এবং সাবেক ন্যাশনাল কো-অর্ডিনেটর, হাল্ট প্রাইজ বাংলাদেশ (২০২৩–২৪)। তিনি গবেষণাভিত্তিক উদ্ভাবনের গুরুত্ব ও তার মাধ্যমে কীভাবে টেকসই প্রভাব তৈরি করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এই ওয়ার্কশপে চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইআইইউসি, চুয়েট, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিসহ আরও অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের অভিজ্ঞতা ও মতামত পুরো সেশনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলে।

ক্যাম্পাস অর্গানাইজারদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সংগঠনিক দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ওয়ার্কশপটি ছিল এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম, যেখানে টেকসই সামাজিক উদ্যোক্তাবাদের মাধ্যমে পরিবর্তন আনার পথ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এটি তরুণ নেতৃত্ব গড়ে তোলা ও দেশের সামাজিক উদ্ভাবকদের জাতীয় নেটওয়ার্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে হাল্ট প্রাইজ বাংলাদেশ এর প্রতিশ্রুতিকে নতুন করে দৃঢ় করেছে।

এই উদ্যোগের নেতৃত্ব দেন ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, তাঁর সঙ্গে চিফ অব স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা সম্মিলিতভাবে আয়োজনটি সফল করতে কাজ করেন। পুরো আয়োজন সফলভাবে বাস্তবায়নে সংগঠক কমিটি (২০২৫-২০২৬) নিরলস পরিশ্রম ছিল প্রশংসনীয়।

Advertisement