চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ৭ম ক্যাবিনেটের ২য় কার্যনির্বাহী সভা আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়।
চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকসহ ছাত্র সংসদের নির্বাচিত অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সভায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং চাকসুর আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি তাঁর বক্তব্যে ছাত্র সংসদকে গতিশীল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভার শেষে চবি ক্যাম্পাসের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
















