সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে মাদামবিবিরহাটস্থ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম এবং বিএমএমএ একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ৮/৯ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পুরাতন জাহাজের বিভিন্ন মালামালের দোকানে আগুন লাগলে মূহুর্তে আগুন সব দেকানে ছড়িয়ে পড়ে। দোকান ঘরের মালিক মোঃ শাহাব উদ্দিন বলেন, আগুনে প্রায় ৮/৯ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোতে পুরাতন জাহাজের মুল্যবান জিনিস বিক্রি হতো।
আগুনে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষণিক জানা না গেলেও ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং কাজ করার সময় আগুন লাগতে পারে। এদিকে আগুন লাগার পর পরই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে প্রায় ১৫/ ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় হাজারো মানুষ চরম দূর্ভোগে পড়েন।

















