প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মিরসরাইয়ের সন্তান মাহফুজুর রহমান

59

ফিরোজ মাহমুদ, মিরসরাই প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্পিচ রাইটার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃতি সন্তান এসএএম মাহফুজুর রহমান।

Advertisement

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তাঁকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—পর্যন্ত কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মাহফুজুর রহমানের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে মিরসরাইসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন তাৎক্ষণিকভাবে তাঁকে অভিনন্দন জানান।

এছাড়া বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্যকে মিরসরাইবাসীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

১৯৬৫ সালের ১ মার্চ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন এসএএম মাহফুজুর রহমান। শৈশব ও কৈশোর কেটেছে নিজ গ্রামেই। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে তিনি মিঠাছড়া ফাজিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি লেখালেখি ও সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং গণমাধ্যমকেন্দ্রিক চিন্তা-চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যৎ পেশাজীবনের জন্য।

শিক্ষাজীবন শেষ করে তিনি বার্তা সংস্থা ইউএনবি-তে শিক্ষানবীশ সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। সংবাদ সম্পাদনা, প্রতিবেদন প্রণয়ন এবং আন্তর্জাতিক মানের নিউজ প্রোডাকশনের ক্ষেত্রে তাঁর দক্ষতা দ্রুতই সহকর্মী ও ঊর্ধ্বতনদের নজরে আসে। ২০১০ সালে তিনি যোগ দেন ইংরেজি দৈনিক ডেইলি সান-এ, যেখানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এ কাজ শুরু করেন এবং ডিজিটাল সাংবাদিকতার বিকাশপর্বে সক্রিয় ভূমিকা রাখেন।

দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের ১ মার্চ তিনি বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ইউএনবি সংবাদ পরিবেশনে আরও গতিশীলতা ও পেশাদারিত্ব অর্জন করে। এছাড়া তিনি সময় টেলিভিশনের ওয়েব বিভাগের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন, যেখানে অনলাইন কনটেন্ট ব্যবস্থাপনা ও সংবাদ উপস্থাপনায় নতুনত্ব আনেন। সর্বশেষ ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থাতেই তিনি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং প্রাঞ্জল ভাষাশৈলীর জন্য মাহফুজুর রহমান পরিচিত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর এই নিয়োগকে অনেকেই তাঁর পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার যথাযথ স্বীকৃতি হিসেবে দেখছেন। মিরসরাইয়ের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ নির্বাহী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।

Advertisement