ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি প্রতিনিধি: বেতন সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের মধ্যে হাতাহাতি ও তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে উপস্থিত অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন একটি পুরোনো বিল উত্তোলনের উদ্দেশ্যে হিসাবরক্ষণ কার্যালয়ে যান। সেখানে হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বিল সংক্রান্ত নথিপত্রে বিদ্যমান কিছু আইনি জটিলতার বিষয় তুলে ধরেন। এ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। ক্রমেই তা হাতাহাতিতে রূপ নেয়। পরে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং দু’পক্ষকে আলাদা করে দেন।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, বেতন সংক্রান্ত বিল ফরম নিয়ে হিসাবরক্ষণ অফিসে গিয়েছিলাম। কিন্তু বিলটি নিষ্পত্তি না করে বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানি করা হয়। এতে আমি বিরক্ত হয়ে বিল ফরম নিয়ে চলে আসতে চাইলে আমাকে বাধা দেওয়া হয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বলেন, ‘তিনি (জসীম উদ্দিন) দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন না। ওই সময়কার কিছু বিল ফরম নিয়ে তিনি অফিসে আসেন। তবে বিলগুলোর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না, তাই আমরা তা গ্রহণ করতে পারিনি। পরে তিনি অফিস থেকে তার পূর্ববর্তী বিদ্যালয়ের কিছু নথি নিয়ে চলে যেতে চাইলে আমরা বাধা দিই। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, হাতাহাতির খবর পেয়ে হিসাব রক্ষণ অফিসে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহিম বলেন, উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছিল। পরে বিষয়টি পরিষ্কার হলে দুই পক্ষই তা উপলব্ধি করে একে অপরের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
















