যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

92

যুদ্ধাবস্থায় বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম একাধিকবার বাড়ালেও বাংলাদেশে তা বাড়ানো হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী।তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।

Advertisement

রবিবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। জ্বালানি তেলের উৎস খোঁজা ও সরবরাহ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় জনগণের সংযম ও সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ফলে ঈদযাত্রায় কোথাও জ্বালানির সংকটে পরিবহন বন্ধ হয়নি এবং ভাড়াও বাড়েনি।

আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, দেশের মানুষ মালিকানা ফিরে পাওয়ায় এবারের ঈদ উৎসবমুখর পরিবেশে ও নির্ভয়ে উদযাপিত হচ্ছে। সব মিলিয়ে দেশের অগ্রগতির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, রমজান ও ঈদকে সামনে রেখে তৈরি পোশাক খাতে আগাম বেতন-ভাতা পরিশোধ করায় শ্রমিক অসন্তোষ দেখা যায়নি, যা আগের বছরের তুলনায় ইতিবাচক পরিবর্তন।

সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ এবং ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সবাইকে সংযম, সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অর্থমন্ত্রী।

Advertisement