সীতাকুণ্ড প্রতিনিধি: ‘তেল নেই’ শুনে মজুত যাচাই করতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফিলিং স্টেশনগুলোতে অভিযান করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ” ভাটিয়ারী ফিলিং স্টেশন ” নামক একটি পেট্রোল পাম্পে তেল মজুতের ঘটনা উদ্ঘাটন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান শুরু হয়। অভিযানে পাম্পগুলোর মজুত ট্যাংক খুলে যাচাই করা হয়েছে। বেশিরভাগ পাম্প তেলশূন্য থাকলেও কয়েকটির ট্যাংকে স্বল্প পরিমাণ পাওয়া গেছে। সেগুলো গ্রাহক পর্যায়ে রেশনিং করে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, গ্রাহকরা জ্বালানি তেল পাচ্ছেন না এমন অভিযোগ পেয়ে ফিলিং স্টেশনগুলোর মজুত যাচাই করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ভাটিয়ারী ফিলিং স্টেশনকে তথ্য গোপন করে অবৈধভাবে তেল মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পাম্পগুলোর মজুত ট্যাংক খুলে যাচাই করা হয়েছে। বেশিরভাগ পাম্প তেলশূন্য থাকলেও কয়েকটির ট্যাংকে স্বল্প পরিমাণ পাওয়া গেছে। সেগুলো গ্রাহক পর্যায়ে রেশনিং করে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে খুচরা বাজারে তেল বিক্রি মনিটরিং করা হয়েছে। বাজার মূল্যের চেয়ে যাতে বেশি দামে তেল বিক্রি করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

















