বোয়ালখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেফতার ৩

316

বোয়ালখালীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারীসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলা সদরের মীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন- কামাল হোসেন ওরফে ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (৩০) ও রোকেয়া বেগম (৩৫)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে এক গৃহবধূ উপজেলা সদরের বাজারে মেয়ের জন্য ওষুধ কিনতে যান। ওই সময় তার হঠাৎ টাকার প্রয়োজন হলে তিনি পূর্বপরিচিত রোকেয়া বেগম নামে এক নারীকে ফোন দেন। রোকেয়া তাকে টাকার জন্য একটি ভাড়া বাসায় যেতে বলেন। পরে ওই গৃহবধূ বাড়িটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়।

একই সময় বাড়ির ভেতরে থাকা কামাল হোসেন ও গিয়াস উদ্দিন নামে দুই ব্যক্তি মিলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে কামাল ও গিয়াস পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূ থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘গৃহবধূ ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার তিনজনকে আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

Advertisement