জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। এর পাশাপাশি আরও যোগ দিয়েছেন শের ই বাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে তাদের নাম ঘোষনা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। তবে শের ই বাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল দেশের বাহিরে থাকায় স্বশরীরে উপস্থিত হতে পারেননি।
নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার সব সুযোগ সুবিধাকে ঠেলে দিয়ে জনগের পক্ষে, তরুণদের পক্ষে যোগ দিয়েছেন। নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি সবাই জুলাইয়ের পরিচিত মুখ। জুলাইয়ে তাদের অনেক ত্যাগ আছে।
দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন ইসহাক সরকার। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াচ্ছেন।
যোগদান অনুষ্ঠানে আরও ছিলেন– এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
















