১ হাজার ৯’শ জন কৃষক সরকারি প্রণোদনা পেলেন সাতকানিয়ায়

49

সাতকানিয়া প্রতিনিধি: জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আউশ ধানের আবাদ বৃদ্ধিতে চট্টগ্রামের সাতকানিয়ায় ১ হাজার ৯’শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে এই কৃষি প্রণোদনা প্রদান করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং শম্ভু নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার বিত্তম কুমারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করায় আজ আমরা খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার পথে। সাতকানিয়ার কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। তাদের এই শ্রমকে ফলপ্রসূ করতে আমরা স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত চাষিদের হাতেই এই প্রণোদনা পৌঁছে দিচ্ছি।

তিনি আরো বলেন, কৃষকদের মোবাইল ব্যাংকিং ডাটাবেজ যাচাইয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে যেন কোনো প্রকৃত কৃষক এই প্রণোদনা থেকে বাদ না পড়ে। কৃষকরা যদি আধুনিক প্রযুক্তি ও উচ্চফলনশীল বীজের সঠিক ব্যবহার করেন তবে অচিরেই সাতকানিয়া দেশের খাদ্য ভাণ্ডারে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠান শেষে প্রত্যেকজন কৃষককে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার কৃষি প্রণোদনা হিসেবে প্রদান করা হয়।

Advertisement