মিরসরাইয়ে অপরাধ নির্মূলে অভিযোগ দিতে বললেন সাংসদ নুরুল আমিন

44

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মাদক ব্যবসা, দখলদারিত্ব এবং রাজনৈতিক গ্রুপিং বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে স্থানীয়দের দাবি। এমন পরিস্থিতিতে বিষয়টি আমলে নিয়েছেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন।

Advertisement

বুধবার (৬ মে) সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়ে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণ চেয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, “সুনির্দিষ্ট ব্যক্তি ও প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ থাকলে নির্ভুল তথ্য-প্রমাণাদি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।”

সাংসদের এই আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন মহল। তাদের মতে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

উপজেলা কৃষকদলের আহবায়ক মো আশরাফ উদ্দিন লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। আপনার এমন উদ্যোগ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব। আপনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে আমাদের স্বপ্নের মিরসরাই।’

ফিরোজ খান নামের এক ব্যক্তি তার মন্তব্যে লিখেছেন ‘মাননীয় এমপি মহোদয়ের এমন উদ্যোগকে স্বাগত জানাই। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সত্য ও নির্ভুল তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণে আমরা সাধারণ মানুষ সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।’

মোহাম্মদ আরাফাত লিখেন, ‘সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্দ্যোগ। পরিপূর্ণ কার্যকর হলে আপনার স্বপ্নের মিরসরাই গড়তে অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।’

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক কারবার ও চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। পাশাপাশি রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে বিভিন্ন সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন জানান, আমরা দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত মিরসরাই গড়ে চাই। এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তি ও প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ থাকলে নির্ভুল তথ্য প্রমাণাদি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি। যদি কারো বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি প্রমানিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

Advertisement