সীতাকুণ্ডে র‍্যাবের অভিযানে ৫৭৮ টন সরকারি চাল জব্দ, আটক ১

33

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাল জব্দ করা হয়েছে।

Advertisement

বুধবার (১৩ মে) বিকাল তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমসুল এলাকার পরিত্যক্ত সালেহ কার্পেট মিলের একটি গুদাম থেকে ডিজিএফআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৭ এর অভিযানে অবৈধভাবে মজুদ করা চাউল জব্দ করা হয়। এসময় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিনকোটি টাকা।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। অভিযান চলাকালে গুদামের ভেতরে সারি সারি করে রাখা হাজার হাজার বস্তা চাল দেখতে পান কর্মকর্তারা। অনেক বস্তায় সরকারি খাদ্য কর্মসূচির চিহ্ন থাকলেও বিপুল পরিমাণ চাল বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে ভরা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দ চাল অসাধু ডিলার ও চোরাকারবারিদের মাধ্যমে গোপনে এই গুদামে এনে মজুদ করা হতো। পরে শ্রমিকদের দিয়ে সেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় ভরে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করা হতো।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৭ এর লেঃ কমান্ডার তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়। বাজারজাত করণের জন্যে অবৈধভাবে এসব চাউল মজুদ করা হয়। সরকারি বিভিন্ন প্রজেক্টের চাউল কোন ধরণের লাইসেন্স ছাড়া মজুদ করা হচ্ছিল। যা এখান থেকে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হতো। চাউলগুলো জব্দের পর গুদামটা সিলগালা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রক কারিগরি কর্মকর্তা রাজিব কুমার দে, চট্টগ্রাম র‍্যাব ৭ এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানসহ র‍্যাব, পুলিশের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement