শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপে ভর্তি না করানোর আহ্বান অর্থমন্ত্রীর

132

চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিকভাবে ভর্তি করানো হলে শিক্ষাপ্রতিষ্ঠানের মান নষ্ট হয়। যোগ্যতা ছাড়া কাউকে ভর্তি না করানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার মান বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পর্যাপ্ত ফ্যাকাল্টি ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না করে আসনসংখ্যা বাড়ানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবস্থা করা হবে। রোগীরা সেখানে চিকিৎসা নিলে ব্যয় সরকার বহন করবে।

স্বাস্থ্যখাতে দুর্নীতির সমালোচনা করে আমির খসরু বলেন, অতীতে বিপুল অর্থ অপচয় হয়েছে। তবে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।

তিনি আরও বলেন, দেশে দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্টের ঘাটতির কারণে কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এজন্য মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধের চাপ মোকাবিলা করে সরকার অর্থনীতি ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে। এ প্রক্রিয়ায় অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় ভবনের নকশায় পার্কিং সুবিধার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রস্তাবিত ৭২টি গাড়ি পার্কিংকে অপর্যাপ্ত উল্লেখ করে কমপক্ষে ২০০ থেকে ২৫০টি পার্কিং সুবিধা রাখার পরামর্শ দেন। প্রয়োজনে অতিরিক্ত বেজমেন্ট নির্মাণের কথাও বলেন তিনি।পাশাপাশি দ্রুত কাজ শেষ করে নির্মাণের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Advertisement