মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু ভইয়া পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এই এলাকার অন্তত দুই শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে যায়। ফলে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি সাহেবের সহযোগিতায় ড্রেনেজ খনন কাজ শুরু করা হয়েছে। কাজটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, বিএনপি নেতা হায়দার মাহমুদ শিপন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান ও সাবেক ছাত্রনেতা শোয়েব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

















