সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাকা রাস্তার মাথা এলাকায় ড্রিম স্টিল রি রোলিং মিলস মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
উল্লেখ্য, এ পশুর হাটটি অবৈধ উল্লেখ করে তা বন্ধের দাবিতে মো. ফজলে আলম চৌধুরী নামে একব্যক্তি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এতে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করেন।
হাইকোর্টে রিটটি শুনানির জন্য উঠলে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ বিষয়টি আমলে নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন-যদি বৈধ অনুমতি না থাকে তাহলে সলিমপুর প্যাসিফিক জিন্সের সামনে বসা ওই গরুর হাট বন্ধ করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে রোববার বেলা বেলা ১২টায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত পশুর হাট পরিদর্শনে আসেন। এসময় তিনি পুরো হাট ঘুরে দেখেন।
তিনি বলেন, আমি এখানে মূলত তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসেছি। এখানে সামগ্রিকভাবে দেখে সীতাকুণ্ড উপজেলার সীমানায় পড়েছে নাকি সিটি করপোরেশনের সিমানায় পড়েছে এবং এটি কি অস্থায়ী নাকি স্থায়ী হাট, এবং যদি অস্থায়ী হাট হয় তাহলে সেটি হাটবাজার স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর আলোকে যথাযথ প্রক্রিয়াতে হচ্ছে কিনা সে সম্পর্কে আমরা জমা দেবো। আশাকরি আইনানুগভাবেই হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।















