সীতাকুণ্ড সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইসলামী ব্যাংককে ঘিরে চলমান নানা ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে রবিবার (২৪ মে) সকাল ১০টায় সীতাকুণ্ড ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার ডি.টি রোডে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, ডাঃ কামাল উদ্দিন, নুরুল গনি, মোঃ কামাল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। একটি মহল পরিকল্পিতভাবে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য হুমকি স্বরূপ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা দীর্ঘদিনের। গ্রাহকদের স্বার্থ রক্ষায় এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের ষড়যন্ত্র ও গুজব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

















