ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিটি অঞ্চলে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার

23

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, ক্রীড়ার বিকাশ এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে দেশের প্রতিটি অঞ্চলে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার।

Advertisement

শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকার জলুয়ার দীঘিরপাড়ে বহুল প্রতীক্ষিত ‘পটিয়া মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করে। এ কারণে সরকার দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ক্রীড়া সুবিধা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, পটিয়া মিনি স্টেডিয়াম বাস্তবায়িত হলে স্থানীয় তরুণদের জন্য নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। এখান থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোহাম্মদ আমিনুল হক আরও বলেন, এই স্টেডিয়াম শুধু পটিয়ার নয়, সমগ্র দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement