সীতাকুণ্ডে নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার- ৩

182

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের লোকজন ও অজ্ঞাতনামা আসামিরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতিসাধনের লক্ষ্যে জনমনে ভয়ভীতি সৃষ্টি এবং নাশকতা সৃষ্টির লক্ষ্যে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার ঘটনায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শনিবার দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

থানায় মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার ডিসি পার্ক সংলগ্ন বন্দরগামী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে তৎপরতা চালান বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে বলে জানান।

পরে অভিযান চালিয়ে সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ‘ঘটনার পর দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Advertisement