সীতাকুণ্ড উপজেলা জামায়াত আমির মাওলানা মিজানুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

39

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা মো. মিজানুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন।

Advertisement

শুক্রবার (১২ জুন) ভোর পৌনে ৩টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন ও চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ‎তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

মিজানুর রহমান সীতাকুণ্ড পৌরসভার পেশকার পাড়া এলাকার মৃত আপলাতুন ইসলামের পুত্র। তিনি উপজেলার পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী এক শোক বার্তায় বলেন, মরহুম মিজানুর রহমান ছিলেন একজন সজ্জন, আদর্শনিষ্ঠ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। দীর্ঘদিন তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত সফলতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এতদঞ্চলে শিক্ষার উন্নয়নে যথাযথ ভূমিকা রেখেছিলেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী সবাইকে এই শোক সহ্য করার তাওফিক দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া করছি। ‎

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, মরহুম মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মাওলানা মিজানুর রহমান এর প্রথম জানাজা রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার সামনে এবং দ্বিতীয় জানাজা রাত পৌনে ১০টায় নিজ গ্রাম দোয়াজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

Advertisement