সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের পর্শ্চিমে সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, জোয়ারের পানিতে একটি অজ্ঞাত যুবকের (৩৬) অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা গাউছিয়া কমিটিকে খবর দিলে মোঃ নাছির উদ্দীনের নেতৃত্ব একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
নাছির বলেন, বিকাল সাড়ে চারটার দিকে একটি লাশ ভেসে এসেছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে আমরা সন্ধ্যায় লাশটি উদ্ধার করি। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি ৪/৫ দিন আগের লাশ।
কুমিরা নৌ পুলিশের এসআই আবদুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়আমতলের দক্ষিণ পশ্চিমে সাগর উপকূল একটি অজ্ঞাত লাশ ভেসে আসলে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। গাউছিয়া কমিটির সহযোগিতায় আমরা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি।

















