সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে ইসরাত জাহান সামিয়া (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া (ফকিরহাট) এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সামিয়া ওই এলাকার প্রবাসী মো. বাহার উদ্দিন শাহিনের স্ত্রী। সে রাতে গলায় ফাঁস দিয়ে সিলিং এর সাথে আত্মহত্যা করে। আগামী ৩০ জুন তার স্বামী প্রবাস থেকে বাড়ি আসার কথা। সামিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আলী আকবরের মেয়ে।
নিহতের চাচা মোয়াজ্জাম হোসেন জানান, এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। গত এক সপ্তাহ সামিয়া বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দুই দিন আগে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটিয়েছেন এবং ঘটনার দিন দুপুরেও শ্বশুর-শাশুড়ির সঙ্গে একসঙ্গে খাবারও খান। পরে তার মৃত্যুর খবর পরিবার জানতে পারে।
তিনি বলেন, ‘সামিয়া বাবার বাড়িতে থাকাকালে স্বাভাবিক ও হাসিখুশি ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ বা পারিবারিক কলহের বিষয় আমাদের জানা নেই। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।’
সীতাকুণ্ড মডেল থানার এসআই শফিউল করিম বলেন, খবর পেয়ে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
















