সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে আসরাফুল ইসলাম নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ে। বুধবার সকালে হঠাৎ করে পাহাড়ের একটি অংশ বসতঘরের ওপর ধসে পড়ে। এ সময় ঘরের ভেতরে পরিবারের সাথে থাকা ১০ মাস বয়সী তানভীর মাটি চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং মডেল থানার ওসি মহিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিক নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, পাহাড়ের পাদদেশে লোকজন নিরাপদে আশ্রয়ের জন্য মাইকিং এর ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং ৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরে যাওয়ার জন্য ১১টি সমাজের সর্দারদের সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

















