সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের শীতলপুরে আবুল খায়ের স্টিল মিলস এর ছেড়ে দেওয়া পানিতে শীতলপুরের চৌধুরী ঘাটা এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে গ্রামবাসী আবুল খায়ের স্টিল মিলসের চলাচলের রাস্তায় ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল আটটার দিকে গ্রামবাসী অবরোধ সৃষ্টি করলে আবুল খায়ের স্টিল মিলসের গাড়ি আটকে থাকে।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে আসলে গ্রামবাসী এবং আবুল খায়ের স্টিল মিলস কর্তৃপক্ষের সাথে সমঝোতার আশ্বাসে বেলা ১১ টার দিকে রাস্তা থেকে ব্যারিকেড তুলে নেন। এতে করে তিনঘণ্টা পর ফ্যাক্টরীতে যানবাহন চলাচল শুরু হয়।
গ্রামবাসী সূত্রে জানা যায়, আবুল খায়ের স্টিল মিলস কর্তৃপক্ষ হঠাৎ করে ফ্যাক্টরী পানি ছেড়ে দেয়। এতে চৌধুরীঘাটা গ্রামের শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। গ্রামের প্রতিটা ঘরে পানি ঢুকে মুল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, ফার্নিচার, ফ্রিজ, বইপত্র নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোঃ সালাউদ্দিন বলেন, আবুল খায়ের স্টিল মিলস কর্তৃপক্ষ তাদের ফ্যাক্টরীর পানি ছেড়ে দিয়ে গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি করে আমাদের চরম দূর্ভোগে ফেলেছে। তারা ফ্যাক্টরী করেছে বাট কোন ড্রেনেজ ব্যবস্থা করেনি। গ্রামের প্রত্যেক ঘরে পানি ঢুকে মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। প্রতিবাদ করলে উল্টো আনসার দিয়ে গ্রামবাসীকে মারার হুমকি দেয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিয়ে আবুল খায়ের স্টিল মিলস কর্তৃপক্ষের সাথে গ্রামবাসীর বিরোধে এলাকাবাসী ফ্যাক্টরীর যানচলাচল রাস্তায় ব্যারিকেড দেয়। ঘটনাস্থলে ফোর্স পাঠানোর পর গ্রামে পানি নিষ্কাশনের জন্যে ড্রেনেজব্যবস্থার আশ্বাসের প্রেক্ষিতে গ্রামবাসী এবং আবুল খায়ের স্টিল মিলস কর্তৃপক্ষের সমঝোতায় সমস্যা নিরসন হয়।
















