প্রবাসীর বাড়িতে ফের চুরির চেষ্টা, ‘ইমরানের নাম’ বলেই পালালেন অভিযুক্তরা

5

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকায় এক প্রবাসীর বসতবাড়িতে ফের চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বোন খালেদা বেগম।

Advertisement

অভিযোগে খালেদা বেগম জানান, তার ভাই সেলিম উদ্দিন পরিবারসহ বর্তমানে প্রবাসে বসবাস করছেন। ভাই বিদেশে থাকায় তার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার ৩ নম্বর রোডের বাড়ি ও ঘরের দেখাশোনার দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে।

তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ জুন ওই বাড়ি থেকে অজ্ঞাত চোরেরা একটি সেলাই মেশিন, একটি পানির মোটর ও একটি টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। এরপর থেকে বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী মো. আব্দুর রাজ্জাককে নজরদারির দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে জানালার গ্রিল ও জানালা খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাক তাৎক্ষণিকভাবে খালেদা বেগমকে ফোনে জানান।

খালেদা বেগম বলেন, প্রতিবেশীর মোবাইল ফোন থেকে তিনি ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাদের পরিচয় ও কেন বাড়ির জানালা-গ্রিল খুলছে জানতে চাইলে তারা দাবি করে, খুদ্দেরটেক এলাকার ইমরান নামের এক ব্যক্তি তাদের ওই কাজের জন্য পাঠিয়েছেন।

তিনি আরও জানান, তিনি ঘটনাস্থলে আসছেন বলে অভিযুক্তদের অপেক্ষা করতে বললে, ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় তারা গ্রিল-জানালাসহ দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় খালেদা বেগম কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে পূর্বের চুরি ও সর্বশেষ চুরির চেষ্টার ঘটনা তদন্ত করে অভিযোগে উল্লেখিত ইমরানসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement