সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

79

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

Advertisement

আজ রোববার (১৯ জুলাই) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে ও রয়েল গেইট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার ইলিয়াস পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে ঢাকামূখী যাত্রীবাহী জোনাকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক ব্যক্তি নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। আহতরা হলেন রওশন আক্তার (৩৮), তাঁর ভাই মো. মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে একইদিন সকাল ৯টার দিকে উপজেলার বড় কুমিরার রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় মোঃ ইমন (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। সে ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মোঃ সালামের ছেলে।

পুলিশ জানায়, নিহত তরুণ সীতাকুণ্ডের একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় কাজ করতো। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement