সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মোঃ নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭ টার সময় সীতাকুণ্ড রেল ষ্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মোঃ নিজাম উদ্দিনের বাড়ি সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে। তিনি ওই বাড়ির আহাহামের পুত্র।
রেল পুলিশ সুত্রে জানা যায়, রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন।
















