মিরসরাই প্রতিনিধি: ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগের সদ্য গঠিত মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটির (একাংশ) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতৃত্ব দেন সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়িনাই, মিরসরাইয়ের মাটি শেখ হাসিনার ঘাটি, বীর চট্টলার মাটি শেখ হাসিনার ঘাটি, শেখ হাসিনার সরকার বারবার দরকারসহ বিভিন্ন নামে স্লোগান দেন তারা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের কাছে যুবলীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

















