কুমিরায় জামায়াতের কর্মী সম্মেলনে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা

40

সীতাকুণ্ড প্রতিনিধি: জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান ও এক নম্বর থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত জামায়াতের সম্ভাব্য সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শনিবার বিকালে উপজেলার কুমিরা এলাকার একটি কমিউনিটি সেন্টারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের কুমিরা ইউপিতে চেয়ারম্যান পদে ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিন-এর নাম ঘোষণা করেন। এছাড়া সম্ভাব্য সদস্য প্রার্থী হিসেবে ১নং ওয়ার্ডে নিজাম উদ্দিন, ২নং জমির উদ্দিন সরকার, ৩ নং ওয়ার্ডে (নাম ঘোষণা করা হয়নি), ৪ নং জানে আলম, ৫ নং লিয়াকত আলী লিংকন, ৬ নং সাইফুল ইসলাম, ৭ নং নুর উদ্দিন, ৮ নং রবিউল ইসলাম এবং ৯ নং ওয়ার্ডে ইলিয়াছ হোসেনের নাম ঘোষণা করা হয়।

কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস হাক্কানীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এম. ইলিয়াছের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা সর্বস্তরের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন। আমরা এমন একটি ইউনিয়ন পরিষদ চাই, যা দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করবে এবং মানবসেবার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকবে। জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচিত হলে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমানভাবে কাজ করবেন।”

আলোচনা সভা ও কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যারা এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুচে ফেলতে চেয়েছিল, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল আজ তাদের জায়গা এদেশে হয়নি। পালাবো না বলে রান্না করা খাবারও খেতে পারেনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুল রহমান, উপজেলা জামায়াতের শিক্ষক ফেডারেশন এর সভাপতি মাওলানা আনোয়ার, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য এস. এম সোহেল, ইউনিয়ন শিবির এর সভাপতি রাহাত তাসিন, ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Advertisement