সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় এ দুর্ঘটনায় আহত মোঃ আলাউদ্দীন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে কুমিরা ইউনিয়নের মোঃ নুরুল ইসলামের ছেলে।
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৮টায় উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটায় বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় আলাউদ্দিন গুরুত্বর আহত হন। এরপর তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৩ আগষ্ট) ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার্ডে শিপের উপর কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ আলাউদ্দিনের হাত থেকে একটি ভারী লোহার বস্তু ছুটে নিচে পড়ে যায়। এতে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ আগে বারাকা নামক একটি পুরাতন জাহাজে কাজ করার সময় আলাউদ্দিন নামে এক শ্রমিক আহত হন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
















