মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু এবং সদস্য সচিব নাঈম সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভূঁইয়া জুয়েল।
প্রধান বক্তার বক্তব্যে আবিদুল ইসলাম খান বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার পাশ্ববর্তী দেশে বাংলাদেশকে ইজারা দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। সেই জায়গা থেকে উত্তরণে বর্তমান নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে শিক্ষামন্ত্রী সর্বোচ্চ কাজ করছে।
তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা জিপিএ-৫ অর্জন করেছো এজন্য অহংকার করবে না। তোমরা এইচএসসিতে আরো ভালো ফলাফল অর্জন করতে হলে পড়াশোনায় আরো বেশী মনযোগী হতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আদর্শ হতে হবে তার বাবা-মা-শিক্ষক। বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের সম্মান করতে হবে এবং স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্বে দিবে। তাই ভালো ফলাফলের পাশাাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামনের দিনে আরো বড় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সাথে এগিয়ে যেতে আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ পাওয়া আড়াইশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।

















