আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

সাইনিং স্পোর্টস একাডেমি ও আলো সিড়ি ক্লাব’র জয়

4

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে সাইনিং স্পোর্টস একাডেমি ও আলো সিড়ি ক্লাব। শনিবার সকালে শহীদ শাহজাহান মাঠে ১ম ম্যাচে সাইনিং স্পোর্টস একাডেমি ৫৬ রানে ইস্পাহানি রয়েল ব্রাদার্সকে এবং ২য় ম্যাচে আলো সিড়ি ক্লাব ৫ উইকেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।

Advertisement

সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে সাইনিং স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইশতিয়াক সর্বোচ্চ ৪৮, শাহারুক ৪১ ও পারভেজ অপরাজিত ২৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় ইস্পাহানি রয়েল ব্রাদার্স। দলের পক্ষে হাফিজ সর্বোচ্চ ৪৯ ও সাজ্জাদ ২০ রান করেন।

ম্যাচে বল হাতে বিজয়ী দল সাইনিং স্পোর্টস একাডেমির ইশতিয়াক ২৬ রানে ৩ উইকেট ও সোলাইমান ২২ রানে ২ উইকেট এবং বিজিত দল ইস্পাহানি রয়েল ব্রাদার্সের মোঃ নাঈম ২৪ রানে ৩ উইকেট লাভ করেন।

খেলার ম্যান অব দ্যা ম্যাচ সাইনিং স্পোর্টস একাডেমির মোহাম্মদ ইশতিয়াকের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম।

দুপুরে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলের পক্ষে রনি সর্বোচ্চ ৪০, মাহি ৩১ ও মোদার্সির ২৫ রান করেন। জবাবে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৫ উইকেটে উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় আলো সিড়ি ক্লাব।দলের পক্ষে নাজিমুদ্দিন সর্বোচ্চ ৪৩, মনজুরুল আলম অপরাজিত ৪১, নাজমুল হাসান ২৩ ও সাকিব ২০ রান করেন।

ম্যাচে বল হাতে দারুণ নৈপুন্য দেখিয়ে বিজয়ী আলো সিড়ি ক্লাবের নাজমুল হাসান ২৫ রানে ৫ উইকেট এবং বিজিত দলের মামুন ৪৪ রানে ৩ ও রিয়াদ ৩৭ রানে ২ উইকেট লাভ করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ আলো সিড়ি ক্লাবের নাজমুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট ইউনিটের এক্স সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ শাহনেওয়াজ সিরাজ (মামুন)।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডাঃ এ, কে. এম. আশরাফুল করিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, নগর মহিলা দলের সি. সভানেত্রী সকিনা বেগম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, মুহাম্মাদ সাগির, আরিফুর রহমান (মাস্টার আরিফ), এইচ এম হাসান, শওকত খান রাজু, ওমর ফারুক, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহিরসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল ৮ অক্টোবর, রবিবারের খেলাঃ
সকাল ৯.০০ টায় – হাক্কানী একাদশ বনাম ব্রাদার্স ক্রিকেট একাডেমি
দুপুর ১.০০ টায় – পাহাড়তলী স্পোর্টিং ক্লাব বনাম চিটাগং সানরাইস ক্রিকেট একাডেমি।

Advertisement