মানবতা ও পরমসহিষ্ণুতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মূল শিক্ষাঃ সুজন

540

মানবতা ও পরমসহিষ্ণুতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মূল শিক্ষা বলে মত প্রকাশ করেছেন দারুল উলুম কামিল মাদরাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

Advertisement

আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় দারুল উলুম কামিল মাদরাসা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া, খতমে কোরআন, মোনাজাত ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মত প্রকাশ করেন সুজন।

ঈদে মিলাদুন্নবীর আলোচনায় সুজন বলেন নবীজির প্রকৃত আদর্শ অনুসরণ না করে লোক দেখানো ধর্ম পালন কখনো শুভ ফল বয়ে আনবে না। আল্লাহপাক নবীজিকে শুধু মুসলিম নয় সকল মানবজাতি এবং সকল সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। শত বাধাবিপত্তি মোকাবেলা করে হযরত মুহাম্মদ (সা.) ইসলামের সুমহান আদর্শ প্রচার করে গেছেন। তার প্রতিটি কথা ও কাজ সমর্থন করা আমাদের জন্য আদর্শ। ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গীবাদের কোন স্থান নেই। তিনি ছাত্র ছাত্রীকে নবীজির প্রকৃত আদর্শ অনুসরণ করে নিজেদের সুন্দর জীবন গড়ার আহবান জানান।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মও. মাহবুবুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস মও. মো. আনোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা শেষে দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মও. হুসাইন মুহাম্মদ ইউসুফ এবং মও. মো. মকসুদ আহমদ। অনুষ্ঠানে সর্বস্তরের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement