কোম্পানিগঞ্জে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই, ৩ পুলিশ আটক

221

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইয়ের সময় ফেনীর সোনাগাজী মডেল থানার তিন পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছোটধ্বলি গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

আটকদের মধ্যে একজন হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহিরুল হক। আরও দুইজন কনস্টেবল রয়েছেন। তারা ফেনীর সোনাগাজী থানার আদর্শগ্রাম তদন্তকেন্দ্রে কর্মরত রয়েছেন।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দোকান বন্ধ করে ছোটধ্বলি গ্রামের ব্যবসায়ী শেখ ফরিদ বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার ওপর তিন পুলিশ সদস্য তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএসজিচালিত অটোরিকশায় তুলে মারধর শুরু করেন। পরে ব্যবসায়ীর কোমর থেকে দেড় লাখ টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে শেখ ফরিদের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে সিএনজিসহ তিন পুলিশকে আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ব্যবসায়ীর দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। ফেনীর পুলিশ সুপারের অনুরোধে তাদের সোনাগাজী থানা পুলিশের হাতে সোর্পদ করি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আদর্শগ্রাম তদন্তকেন্দ্রের ৩ পুলিশ সদস্যের সঙ্গে মুছাপুরের স্থানীয় লোকজনের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে বিষয়টি জানতে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল মামুনকে একাধিকবার ফোন দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বার বার তিনি ফোন কেটে দিয়েছেন।

Advertisement