এস আলম পাওয়ার প্লান্টে বিস্ফোরণে ২ শ্রমিক অগ্নিদগ্ধ

212

বাঁশখালী উপজেলার গন্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র এস আলম পাওয়ার প্লান্টে তেলের ড্রাম বিষ্ফোরণে দুজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন: সাহাদাত হোসেন (২২) ও ইমাম উদ্দিন (৩০)।

Advertisement

ড্রাম বিস্ফোরিত হয়ে সাহাদাত হোসেনের দুই হাত ও পা ঝলসে যায়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরমান চৌধুরী বলেন, ইমামের পা ভেঙ্গে গেছে এবং শাহাদতের একটি হাত প্রায় বিচ্ছিন্ন এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর বলেন, বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের আমরা বিষয়টি শুনেছি। তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আজ শনিবার বিকালে গন্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।

এ বিষয়ে জানতে গণ্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ‘ব্যস্ত আছি’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে করে দেন।

Advertisement