ভাটিয়ারীতে রেললাইন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

274

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে রেল লাইন থেকে গোলাম মোহাম্মদ (৬২) নামের এক সিএন্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

Advertisement

আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ স্কুলের পিছনে রেল লাইন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মোঃ মুছা মিয়ার পুত্র।

জানা যায়, সকালে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হুদা লাশটি উদ্ধার করেন।

নিহত গোলাম মোহাম্মদের শালা মোঃ তাহের বলেন, আমার দুলাভাই গতকাল (সোমবার) সকালে হালিশহর ফইল্লাতলি এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্য বের হওয়ার পর থেকে তার কোন খবর পাচ্ছিলাম না। উনার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এব্যাপারে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। আজ সকালে রেলওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারি ভাটিয়ারী রেললাইনে উনার লাশ পাওয়া গেছে।

এসআই নুরুল হুদা বলেন, রেললাইনের পাশে একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। উক্ত ব্যক্তির পা দুইটি ভাঙা, মাথায়ও আঘাতের চিহ্ন রযেছে। লোকটি সিএন্ডএফ এ চাকরী করেন বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement