কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিয়ন কমিটি যথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবি দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাসের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উক্ত ইউনিয়নের বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনকে বিলুপ্ত ঘোষনা করা হয়।
সোমবার রাতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোঃ কমল কদর এবং সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কাজী মহিউদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী (এফসিএ) এর নির্দেশনায় ছলিমপুর ইউনিয়ন বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছলিমপুর ইউনিয়নে সকল রাজনৈতিক কর্মসূচী স্থগিত থাকবে।
উল্লেখ্য যে, জিয়া স্মৃতি সংসদের ব্যানারে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সেক্রেটারি পৃথকভাবে বিজয় দিবস উদযাপন করার জন্য সোমবার ফৌজদারহাট কে এম হাই স্কুলের ভেতরে শহীদ মিনারে ফুল দিতে যায়। এর আগে সেখানে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন ও তার কর্মী-সমর্থকরা জিয়া স্মৃতি সংসদের ব্যানারে ফুল দিতে যায়। এ সময় সলিমপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাহেদুল হাসানের নেতৃত্বে জিয়া স্মৃতি সংসদের ব্যানারে নেতাকর্মীরা ফুল দিতে গেলে স্লোগান নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় উভয় পক্ষের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিনের বাড়িও ভাঙচুর করা হয়।
















