সীতাকুণ্ডের বাংলাবাজারে অবৈধ তেলের ডিপোতে আগুন, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

231

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাংলা বাজার এলাকায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisement

রোববার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন টিঅ্যান্ডটি রোডের সামনে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে প্রায় দুইকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা জায়, রাত ১২টার দিকে একটি অবৈধ তেলের ডিপোতে আগুন লাগে। মূহুর্তে সেই আগুন পাশের ফার্নিচার শোরুম, স্টেশনারি দোকান, গার্মেন্টস জুটের গুদাম, কুলিং কর্নার, ফার্নিচার দোকান, রড-সিমেন্টের দোকানসহ কয়েকটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও বায়োজিদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের ডিপোসহ ১৫টি দোকান পুড়ে যায়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে দুটি ইউনিট যায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বায়োজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকেও আনা হয়। চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ডিপোসহ ১৫টি দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Advertisement