সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাপের কামড়ে গোপা ঘোষ (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোপা ঘোষ ওই গ্রামের দিলীপ ঘোষের বাড়ির পিন্টু কুমার ঘোষের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধু গোপা ঘোষ বাড়ির পিছনে শৌচাগারে গেলে একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। সাপে কাটার পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “রোগীকে সাপে কাটার বেশ কিছুক্ষণ পর হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া জরুরি, নইলে বিপদের আশঙ্কা থাকে।”
এদিকে গৃহবধূ গোপা ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সজল কুমার শীল।

















