সীতাকুণ্ড প্রতিনিধি: সরকার ঘোষিত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ নিষিদ্ধের প্রেক্ষিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ঘাটঘর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার দিনভর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে কাট্টলী রাসমনিঘাট থেকে কুমিরা সমুদ্রে অভিযান চালিয়ে প্রায় ২৪ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় ৪ জলেকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া জব্দকৃত ইলিশ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড ও কুমিরা নৌ-পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোতাছিম বিল্লাহ্ কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোজাম্মেল হক, সহকারি মৎস্য কর্মকর্তা এবং তথ্য সংগ্রহকারী উর্মিত দাশ, মাজহারুল, সাদেকুল ইসলাম, রাসেল, মোঃ জাফর উদ্দিন ও মোঃ নিজাম উদ্দিন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ-২০২৫ উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক ২২ দিন সারাদেশে ইলিশ মাছ বিক্রয়, মজুত, সরবরাহ নিষেধ রয়েছে। এ নিষিদ্ধ সময়ে সমুদ্র হতে আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৪ জন জেলেকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান নিয়মিত চলবে।

















