সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারী চালিত অটোরিকশা গ্যারেজে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অবৈধ অটোরিক্সার চার্জার ক্যাবলসহ প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাহ ঘাটা এলাকার ঝুনা মার্কেট এলাকায় অবস্থিত একটি অবৈধ অটোরিক্সার গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি গ্যারেজ মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি অটোরিক্সা গ্যারেজটি সিলগালা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ উত্তর) আবুল মুনসুর।
এ সময় উপস্থিত ছিলেন ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী এনায়েতুল্লাহ, উপসহকারী প্রকৌশলী রনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী এনায়েতুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশার গ্যারেজে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্যারেজে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে গ্যারেজ মালিক ইরফান উদ্দিন, তার বাবা জসীম উদ্দীন তার বোন শামীমা নাসরিনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, গত দুই মাস আগেও উক্ত গ্যারেজে অভিযান চালায় ম্যাজিস্ট্রেট। তখন তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সোমবার ফের অভিযান চালিয়ে আরো একটি বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়।

















