সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (৯ই নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল মিরের হাট বাজারের দক্ষিন পাশে জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের নিরাপত্তায় রাতের বেলায় থাকতো অতন্দ্র প্রহরীর মত। মিরেরহাট বাজারের ভিতর দক্ষিণ পাশে একটি ফ্লোরের এর মধ্যে রক্তাক্ত কম্বল মোড়ানো অবস্থায় নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ রাসেল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
নিহত বেলালের ফুফাতো ভাই জাহাঙ্গীর বলেন, বেলাল হোসেন মানষিক প্রতিবন্ধী ছিলেন। সে মিরেরহাট বাজারে থাকতেন। তাকে কে বা কারা ঘুমন্তবস্থায় গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করে। তার কোন শত্রু নাই। ধারণা করা হচ্ছে চোরের দল চুরি করতে না পেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। লাশের পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত জুতা। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরো দিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলাল মানসিক প্রতিবন্ধী। রাতের বেলা বাজারেই থাকতো। সারারাত বাজারের মধ্যে হেঁটে হেঁটে চিৎকার করতো। যার কারণে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যা হতো। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

















