আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এ সময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ সাবান সংগ্রহ করে ক্যামিকেল মিশিয়ে নতুন সাবান তৈরি করতেন এবং তা বাজারজাত করতেন। নকল সাবানের কারণে ভোক্তারা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মালিকের অনুপস্থিতিতে সামসুল ইসলাম নামের একজন কর্মচারীকে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানার অনাদায়ে মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে জব্দকৃত মালামাল ধ্বংস করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য,পরিদর্শক মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা ও উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

















