নাসার ৪ নভোচারী সফলভাবে চাঁদের চারপাশ ঘুরে এখন পৃথিবীর পথে

85

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা-এর আর্টেমিস -২ কর্মসূচির নভোচারীরা সফলভাবে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীর পথে যাত্রা শুরু করেছেন।

Advertisement

ওরিয়ন নামক মহাকাশযানে থাকা নভোচারীরা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চাঁদের চারপাশে একাধিকবার ঘুরে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করেন।
নাসা’র এক বিবৃতিতে জানানো হয়, এই মিশন ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানো এবং দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটি আরও জানায়, মহাকাশযানের সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং নভোচারীরা সুস্থ আছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ এবং রয়টাস এর প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশ (far side) ঘুরে পৃথিবীর দিকে প্রত্যাবর্তন করছেন- যা মানব মহাকাশ অভিযানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই মিশনের সাফল্য ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন এবং মঙ্গল গ্রহে মানব অভিযানের পথ আরও সুগম করবে।

বর্তমানে নভোচারীরা পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে নির্ধারিত স্থানে অবতরণ করবে।

উল্লেখ, গত ১ এপ্রিল চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে সংস্থাটির ৪ নভোচারী যা ছিল ৫৩ বছর পর চাঁদের উদ্দেশে নতুন এক যাত্রা।

তথ্যসূত্র: নাসা’র অফিসিয়াল আপডেট

Advertisement