কুমিরায় ভাঙ্গারী দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ভ্যান চালক নিহত, আহত ২

43

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি স্ক্র্যাপ লোহার দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে মোঃ আরমান (৩০) নামে এক ভ্যান গাড়ি চালক নিহত হয়েছে। এ ঘটনায় কামাল উদ্দিন (৪৪) ও হেলাল উদ্দিন (১৯) নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত আরমান কুমিল্লার মৃত বাচ্চু মিযার ছেলে। আহত দুইজনের বাড়ি কুমিরা এলাকায়।

Advertisement

শনিবার (২ মে) দুপুর পৌনে দুইটার সময় উপজেলার বড় কুমিরা ইউনিয়নের মাজার গেইট এলাকায় কর্ণফুলী স্টীল মিলসের সামনে ইসমাঈল আইরন মার্ট নামক একটি ভাঙারী দোকানে এ ঘটনা ঘটে। আহত দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা হন। আহতদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি ভাঙ্গারী দোকানে লোহা কাটার জন্যে ভ্যান গাড়ি করে অক্সিজেন সিলিন্ডারের বোতল নিয়ে আসার মূহুর্তে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এসময় ভ্যান চালক আরমান ঘটনাস্থলে মারা যায়। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে নগরের একটি বেসরকারি ক্লিনিকে প্রেরণ করে। আহত দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বিস্ফোরিত অক্সিজেন সিলিন্ডারগুলো ছিল মেয়াদোত্তীর্ন। ফলে ভ্যান গাড়ি থেকে নামানোর সাথে সাথে বিস্ফোরিত হয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই নজরুল এবং কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও দুইজন হওয়ার খবর পেয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement