সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ করেছে স্কুল শিক্ষার্থী এবং এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছুটি শেষে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ করে। এমসয় প্রায় ১ ঘন্টা ঢাকামূখী লেনে যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশ দখল করে কিছু ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে বাঁশ ও গাছের ব্যবসা পরিচালনা করে আসছে। যার ফলে সড়কের পাশ দিয়ে পথচারীরা যাতায়াত করতে পারে না। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীসহ জনসাধারণ। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মহাসড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী মহাসড়কের পাশ থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখল মুক্ত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানান। এদিকে মহাসড়ক অবরোধের ফলে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজারো যাত্রী দূর্ভোগে পড়েন।
সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, একটি মিনি কাভারভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষার্থী আহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে বাঁশ ফেলে তাতে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।
















