সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৭ বছর আগের এক হত্যা মামলায় ছেলে সুব্রত দাশকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তার মা ববিতা রাণী দাশকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সুব্রত দাশকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ববিতা রাণী দাশকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৩ মে) চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নাজমুল হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন সীতাকুণ্ড থানার বড় কুমিরা জেলেপাড়ার সুদীশ দাশের ছেলে সুব্রত দাশ এবং তার মা ববিতা রাণী দাশ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ইউনুস চৌধুরী জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণে সুরেশ দাশ হত্যা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী কুনয় দে জানান, রায় ঘোষণার সময় আসামি সুব্রত দাশ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অপরদিকে ববিতা রাণী দাশ আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩১ আগস্ট দুপুরে সুরেশ দাশ আসামিদের খালি জায়গায় প্রস্রাব করলে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ববিতা রাণী দাশ বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করেন এবং ছেলে সুব্রত দাশকে ডেকে আনেন। পরে সুব্রত দাশ ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন সুরেশ দাশ। স্থানীয়রা তাকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সুরেশ দাশের স্ত্রী কৃষ্ণা দাশ সীতাকুণ্ড থানায় এজাহার দায়ের করেন।
















