সীতাকুণ্ড প্রতিনিধি: নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে এ্যাম্বুলেন্স পিক-আপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) রোববার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুবরণ করা এক নবজাতকের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ফেনীর সোনাগাজীতে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। অ্যাম্বুলেন্সটি সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস মর্ডাণ হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা তিনজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন, মারা যাওয়া ওই নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। আহত ব্যক্তিদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
















